১২ জুলাই থেকে জাবিতে অনলাইন ক্লাস

৭ জুলাই, ২০২০ ২১:২৮  
আগামী ১২ জুলাই থেকে অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতি, অনুষদসমূহের ডিন এবং ইন্সটিটিউট সমূহের পরিচালকদের সঙ্গে এক ভার্চুয়াল মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়। উপ-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা আগামী ১২ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করবো। ইতোমধ্যে গণিত ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদারকে প্রধান করে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ জুলাইয়ের মধ্যে টেকনিক্যাল কমিটি একটা নির্দেশনা দিবে। সেই নির্দেশনা অনুযায়ী ক্লাস শুরু হবে। অনলাইনে ক্লাস পরিচালনায় শিক্ষকরা যদি কোনও সমস্যার সম্মুখীন হন তবে তারা এই কমিটিকে অবহিত করবেন। যারা ইন্টারনেটের সমস্যার কারণে অনলাইন ক্লাসে উপস্তিত হতে পারবেনা তাদের জন্য অনলাইন ক্লাসের ভিডিওসমূহ ই-মেইল বা অন্য ভাবে শিক্ষার্থীদের কাছে যেন পৌছানো যায় সে বিষয়ে শিক্ষকদের নির্দেশনা দেয়া হবে। অর্থনৈতিক সমস্যা এবং অন্যান্য সমস্যা সমাধানে আরও দুইটি কমিটি গঠিত হবে।